সুনামগঞ্জ প্রতিনিধি: মিসেস লিজা আক্তার
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও মানব পাচার এবং পুশইন প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পৃথক দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী চিনাউড়া ও আশাউড়া এলাকায় ২৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এসব সভা অনুষ্ঠিত হয়। এতে সীমান্তবর্তী এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
২৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. সেলিম রানার উদ্যোগে আয়োজিত সভায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ, মানব পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ বন্ধ এবং সীমান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সীমান্ত এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ড, অবৈধ পণ্য পরিবহন কিংবা অপরাধমূলক কার্যক্রম চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি বিওপিকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি সীমান্ত সুরক্ষা ও অপরাধ প্রতিরোধে বিজিবির সঙ্গে স্থানীয় জনগণের সহযোগিতা, পারস্পরিক আস্থা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ বিষয়ে ২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সংবাদকর্মীদের জানান, সুনামগঞ্জের দীর্ঘ সীমান্ত এলাকায় ১৯টি বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা, আন্তঃসীমান্ত অপরাধ ও পুশইন প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন। এ ক্ষেত্রে সীমান্তবর্তী জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। স্থানীয় জনগণের সহযোগিতায় সুনামগঞ্জের সীমান্ত এলাকাকে নিরাপদ রাখতে বিজিবির কার্যক্রম অব্যাহত রয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply