
মোঃ হারুন অর রশিদ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার ব্যস্ততম পালংখালী বাজারে সৃষ্টি হওয়া অসহনীয় যানজট নিরসনে টানা তিন দিন ধরে সফলভাবে কাজ করে চলেছে স্থানীয় তরুণ সমাজ ও ‘নিরাপদ সড়ক আন্দোলন’। তরুণদের এই উদ্যোগকে সাধুবাদ জানাতে এবং তাদের কর্মসূচিকে স্বাগত জানাতে পালংখালী বাজারে ছুটে আসেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহমদ।
পালংখালী বাজারকে যানজটমুক্ত করতে যৌথভাবে কাজ করছে ‘নিরাপদ সড়ক আন্দোলন’ উখিয়া উপজেলা, সিএনজি ও টমটম সমিতি এবং পালংখালী বাজার পরিচালনা কমিটি। মূল আয়োজক ও সমন্বয়ক হিসেবে ভূমিকা রাখছেন নিরাপদ সড়ক আন্দোলনের প্রধান সংগঠক কামরান আলী চৌধুরী সোহান, ‘আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব’-এর মোঃ হারুন অর রশিদ এবং ‘উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশন’-এর ওসমান গনি। তাঁদের সাথে একাত্ম হয়ে বাজার পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিন, সিনিয়র সদস্য হেলাল উদ্দিন হীরা, সিএনজি সমিতির সাধারণ সম্পাদক মুফিজ উদ্দিন সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ আলম, ছাত্রদলের সভাপতি রিদুওয়ান ফারাবী এবং স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবকরা এ প্রশংসনীয় উদ্যোগকে সফলভাবে বাস্তবায়ন করছেন।
পরিদর্শনকালে জেলা বিএনপি নেতা এম. মোক্তার আহমদ বলেন, “পালংখালী বাজারের দীর্ঘদিনের অসহনীয় যানজট নিরসনে তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়।” তিনি জানান, যৌথ উদ্যোগে পালংখালী স্টেশনকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। এ সময় তিনি জনস্বার্থে ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বাজারের সব ব্যবসায়ী, পথচারী এবং যানবাহন চালকদের নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানান।
এ সময় পালংখালী বাজার পরিচালনা কমিটি, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, তরুণদের এই সড়ক সুরক্ষা ও যানজট নিরসন কর্মসূচির ফলে বাজারে যাতায়াতকারী সাধারণ মানুষ ও পথচারীদের ভোগান্তি অনেকটাই কমে এসেছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply