রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
সংসদ সদস্য নির্বাচিত হলে সরকারি বরাদ্দ ও উন্নয়নকাজের হিসাব বিলবোর্ডে প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। একই সঙ্গে বিদ্যুৎ বিল, সার সংকট, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে সমালোচনা করেছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মড়লডোবা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
দেলাওয়ার হোসেন বলেন, নির্বাচিত হলে এলাকার জন্য সরকার থেকে পাওয়া বরাদ্দ, কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে এবং কী কী উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে, তা বিলবোর্ডের মাধ্যমে জনগণকে জানানো হবে। তিনি জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিদ্যুৎ বিল ও সার সংকট প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, নিয়মিত বিদ্যুৎ না পাওয়া সত্ত্বেও গ্রাহকদের বেশি বিল দিতে হচ্ছে এবং কৃষকেরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। সার ডিলার নিয়োগে অনিয়মের আশঙ্কা প্রকাশ করে তিনি ঠাকুরগাঁওয়ের ডিলার নিয়োগের তালিকা প্রকাশের বিষয়েও প্রশ্ন তোলেন। তবে এসব অভিযোগের পক্ষে বক্তব্যে কোনো সুনির্দিষ্ট প্রমাণ তুলে ধরেননি তিনি।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে এবং নিম্ন আয়ের মানুষ বেশি চাপে পড়ছেন বলেও মন্তব্য করেন জামায়াতের এই প্রার্থী।
আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষার প্রতিশ্রুতি দেন। নির্বাচিত হলে তাঁদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করার কথাও জানান তিনি।
প্রতিবেদক: রহমত আরিফ
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply