এম. এ. শুকুর
দোয়ারাবাজার প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাইকপাড়া সুন্দর আলী নূরানী মাদ্রাসায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ-সংযোগ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রায় ৯০ জনেরও বেশি শিক্ষার্থী নিয়ে পরিচালিত এ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুতের অভাবে বিশেষ করে গরমের দিনে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ-সংযোগ না থাকলেও শিক্ষকরা নিয়মিত শিশুদের পাঠদান চালিয়ে যাচ্ছেন। তবে প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশে পড়াশোনা করতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতে কোমলমতি শিশুদের পাঠগ্রহণে বিঘ্ন ঘটছে।
মাদ্রাসার শিক্ষকরা জানান, প্রতিদিন শিশুদের দ্বীনি শিক্ষা দেওয়া হলেও বিদ্যুতের অভাবে গরমের সময় তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়। শিক্ষার্থীদের এই দুর্ভোগ দেখে শিক্ষকরাও উদ্বিগ্ন। তাই দ্রুত মাদ্রাসাটিতে বিদ্যুৎ-সংযোগ স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তারা।
শিক্ষকরা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সুন্দর, নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ছোট শিশুদের পড়াশোনার উপযোগী পরিবেশ গড়ে তুলতে বিদ্যুৎ-সংযোগের প্রয়োজনীয়তা রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি এলাকার বিত্তবান ও সমাজের সচেতন ব্যক্তিরা এগিয়ে এলে দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে সহায়তা পাওয়া যেতে পারে।
এদিকে, এলাকাবাসী ও সচেতন মহল মনে করছেন, শিশুদের শিক্ষার পরিবেশ উন্নত করতে মাদ্রাসাটিতে দ্রুত বিদ্যুৎ-সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের ভোগান্তি কমার পাশাপাশি পাঠদানের পরিবেশও উন্নত হবে।
কোমলমতি শিক্ষার্থীদের কষ্ট লাঘব এবং দ্বীনি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মাদ্রাসার শিক্ষকরা।
এম. এ. শুকুর
দোয়ারাবাজার প্রতিনিধি, সুনামগঞ্জ
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply