
প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ, গর্বিত বীরগঞ্জের ভোগনগর ইউনিয়ন
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের কালাপুকুর গ্রামের মেয়ে সানজিদা আরফিন জাতীয় পর্যায়ে উদ্ভাবনী প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এলাকার মুখ উজ্জ্বল করেছেন। ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এ আয়োজিত উদ্ভাবনী প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী সানজিদা আরফিনের হাতে পুরস্কার তুলে দেন।
সানজিদা আরফিন বীরগঞ্জ উপজেলার কালাপুকুর গ্রামের মো. সাদিকুল ইসলাম সাদেকের মেয়ে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশল বিভাগের শিক্ষার্থী।
‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’—এই প্রতিপাদ্য সামনে রেখে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর আয়োজন করা হয়। এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে ‘স্ফুরণ: টেকসই জ্বালানি উদ্ভাবনের খোঁজে ২০২৬’ শীর্ষক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন সানজিদা আরফিন।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে এ এক্সপোর আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে উৎসাহিত করা।
সানজিদা আরফিনের এ অসাধারণ সাফল্যে বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নসহ পুরো এলাকায় আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, তাঁর এ অর্জন শুধু পরিবারের নয়, বরং পুরো এলাকার জন্য সম্মান ও গৌরবের বিষয়।
তাঁর এ সাফল্য এলাকার নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, বিজ্ঞানচর্চা, প্রযুক্তি ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আগ্রহী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, সানজিদা আরফিনের মতো মেধাবী তরুণ-তরুণীরা ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply