আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর হাতিয়ে নিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ০৯৬৩৮-৭৩০৪৯৫ নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে কল করা হচ্ছে। ফোনে কখনো ‘রবিউল’, আবার কখনো ‘স্বাধীন’ নামে পরিচয় দিয়ে নিজেদের উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা দাবি করা হচ্ছে। এ সময় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিকাশের পিন নম্বর সংগ্রহের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার আমজাখোর ইউনিয়নে এ কৌশলে বিকাশ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। একইভাবে ধনতলা ইউনিয়নেও টাকা নেওয়ার চেষ্টা করা হলেও তা সফল হয়নি বলে জানা গেছে।
এদিকে, অভিযোগকারীদের দাবি, ০৯৬৩৮-৭৩০৪৯৫ নম্বরটি যাচাই করতে গিয়ে এর সঙ্গে ০১৮৭০-৬১০৯৩৪ নম্বরের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে নম্বর দুটির প্রকৃত মালিকানা ও সংশ্লিষ্টতার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, উপজেলা সমাজসেবা অফিস জানিয়েছে, ফ্যামিলি কার্ড দেওয়ার নামে অফিস থেকে এ ধরনের কোনো ফোনকল করা হচ্ছে না। ফলে সরকারি কর্মকর্তার পরিচয় ব্যবহার করে কেউ প্রতারণার চেষ্টা করলে তাঁকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সতর্কবার্তা: ফ্যামিলি কার্ড কিংবা সরকারি কোনো সুবিধা দেওয়ার কথা বলে কেউ ফোন করে বিকাশের পিন নম্বর, ওটিপি বা গোপন তথ্য চাইলে তা কোনোভাবেই দেওয়া যাবে না। এ ধরনের ফোনকল পেলে সরাসরি সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করুন।
প্রতারণার হাত থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে সচেতন হোন। সন্দেহজনক ফোনকলের বিষয়ে অন্যদেরও সতর্ক করুন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply