
বিশেষ প্রতিনিধি: মোঃ ফরহাদুল ইসলাম জুয়েল
পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মৎস্যসম্পদ ও জলজ প্রাণীর ক্ষতিসাধনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন স্থান থেকে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৪ হাজার টাকা।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার চর ভাঙ্গুড়া ঘাট থেকে অষ্টমনিষা-রূপসী এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান চালানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা। অভিযানের সময় বিভিন্ন স্থানে ব্যবহৃত নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণীর জন্য ক্ষতিকর। এ ধরনের জালের ব্যবহার মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। তাই মৎস্যসম্পদ সংরক্ষণে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জেলেদের এ ধরনের জাল ব্যবহার থেকে বিরত থাকতে এবং মৎস্য আইন মেনে চলতে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জেলেদের নিষিদ্ধ জাল ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি তা আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
বিশেষ প্রতিনিধি
মোঃ ফরহাদুল ইসলাম জুয়েল
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply