মো. আমিনুল ইসলাম (চঞ্চল), দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী ও শিক্ষক, সরকারি কর্মকর্তা, এনজিওকর্মী এবং সুধীজন অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন বলেন, “কন্যাশিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কন্যাশিশুর স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। বাল্যবিবাহ প্রতিরোধে সরকার কঠোর আইন প্রণয়ন করেছে। এ জন্য সবাইকে সামাজিকভাবে সচেতন হতে হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, “আজকের কন্যাশিশুরাই আগামী দিনে নেতৃত্ব দেবে। তাদের আত্মবিশ্বাসী ও দক্ষ করে গড়ে তুলতে শিক্ষা ও প্রযুক্তিতে এগিয়ে নিতে হবে। বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”
আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. মশিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান এবং দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামছুজোহা পলাশসহ অন্যান্য অতিথি।
বক্তারা কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং কন্যাশিশুর শিক্ষা ও ক্ষমতায়নে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরেন। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক এবং আমন্ত্রিত সুধীজন।
আলোচনা সভা শেষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ—এমন প্রত্যাশা অনুষ্ঠানে তুলে ধরেন বক্তারা।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply