
শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো গাইবান্ধায়ও পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬। জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বিদ্যালয়ের মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন এবং ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মোছা. রাহেলা বেগম।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী এবং ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু প্রাতিষ্ঠানিক প্রস্তুতি যথেষ্ট নয়; পরিবার ও ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সতর্কতা এবং সঠিক সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তাঁরা দুর্যোগকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের করণীয় ও নিরাপত্তাবিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা সভার আগে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মাহমুদের পরিচালনায় একটি বাস্তবধর্মী মহড়া অনুষ্ঠিত হয়। এতে ফায়ার সার্ভিসের সদস্য ও রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজ পরিচালনা এবং প্রাথমিকভাবে পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।
দিবসটি পালনের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং নিরাপদ সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply