1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 18, 2026, 6:06 am

নাসিরনগরের শ্রীঘরে ১৯তম ঐতিহাসিক ওরছে পাক ও সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত

খ ম জায়েদ হোসেন
  • Update Time : Monday, November 16, 2026
  • 12 Time View

খ. ম. জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

নবীপ্রেম, আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের সম্মান এবং ওলি-আউলিয়ার প্রতি ভালোবাসার আবহে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার শ্রীঘরে অনুষ্ঠিত হয়েছে ১৯তম ঐতিহাসিক ওরছে পাক ও সুন্নী মহা সম্মেলন।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব থেকে শেষ রাত পর্যন্ত উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গাউছিয়া মিরানীয়া আজিজিয়া সাইদীয়া দরবার শরীফ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দরবার শরীফের উদ্যোগে এবং পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি খন্দকার মো. নজরুল ইসলাম আল-ক্বাদেরীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মাহফিলে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি, আশেকে রাসুল ও ভক্ত-মুরিদান অংশগ্রহণ করেন।

সন্ধ্যার আগেই মাহফিল প্রাঙ্গণে মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকে। সন্ধ্যার পর পুরো দরবার এলাকা পরিণত হয় ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায়। হামদ, নাত, জিকির ও দরুদ শরিফের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মাহফিল প্রাঙ্গণ।

গাউছিয়া মিরানীয়া আজিজিয়া দরবার শরীফের পীর সাহেব ও গাউছিয়া মিরানীয়া আজিজিয়া দাখিল মাদ্রাসার পৃষ্ঠপোষক পীরে তরিকত আলহাজ্ব মাওলানা শরীফুল আজিজ আল-ক্বাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত, উস্তাজুল উলামা, ইমামে আহলে সুন্নাত আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী হুজুরের সুযোগ্য বড় সাহেবজাদা অধ্যক্ষ আল্লামা মুফতি শেখ শিব্বির আহমদ সিরাজনগরী। তিনি সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এবং আঞ্জুমানে ছালেকিন বাংলাদেশের সভাপতি।

প্রধান মেহমান তাঁর বক্তব্যে বলেন, আহলে বাইতের ভালোবাসা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সাহাবায়ে কেরামের সম্মান রক্ষা করাও প্রত্যেক সুন্নী মুসলমানের ঈমানি দায়িত্ব। এ ধরনের ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে নবীপ্রেম, মানবতা, সম্প্রীতি ও সুন্নীয়তের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন সারাদেশে আলোচিত ইসলামী বক্তা, ফয়েজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন এবং দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান হযরত মাওলানা পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।

তিনি তাঁর বক্তব্যে রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা, মা ফাতেমা (রা.), হযরত আলী (রা.), ইমাম হাসান ও ইমাম হোসাইন (রা.)-এর মর্যাদা এবং ওলি-আউলিয়াদের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, বর্তমান সময়ে নানা ধরনের ধর্মীয় বিভ্রান্তি ও ফেতনা থেকে বাঁচতে সুন্নী মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সঠিক আকিদা ও রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সুন্নীয়ত হলো রাসুল (সা.), সাহাবায়ে কেরাম ও ওলি-আউলিয়াদের অনুসৃত আদর্শের পথ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মুফতি রিয়াজুল করিম আল-ক্বাদেরি এবং নাসিরনগর জামিয়া মতিনিয়া আলিয়া মাদ্রাসার পৃষ্ঠপোষক ও বাগদাদী কাফেলা বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোস্তাক আহমেদ ওয়ায়েসি আল-ক্বাদেরি।

এ ছাড়াও বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ, বিশিষ্ট আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

মাহফিলের সার্বিক সঞ্চালনায় ছিলেন গাউছিয়া মিরানীয়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ক্বারী মাওলানা আব্দুল হাকিম আল-কাদেরী।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, মুসলিম উম্মাহর ঐক্য, ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের মুক্তি এবং মুরিদ-ভক্তদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের আগে দরবার কর্তৃপক্ষের পক্ষ থেকে আগত অতিথি ও মুসল্লিদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়।

মাহফিলে অংশগ্রহণকারী কয়েকজন মুসল্লি জানান, শ্রীঘরের এ বার্ষিক মাহফিল তাঁদের কাছে শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং আত্মিক প্রশান্তি ও ঈমানি চেতনা জাগ্রত করার একটি বিশেষ উপলক্ষ। বছরের পর বছর তাঁরা এ মাহফিলের জন্য অপেক্ষা করেন।

দরবার কর্তৃপক্ষ জানান, শান্তিপূর্ণ ও সফলভাবে ১৯তম ঐতিহাসিক ওরছে পাক ও সুন্নী মহা সম্মেলন সম্পন্ন হওয়ায় তাঁরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন। একই সঙ্গে মাহফিলে অংশগ্রহণকারী অতিথি, ওলামায়ে কেরাম, প্রশাসন ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com