মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি তারিখ: ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার
চুয়াডাঙ্গার দর্শনায় চলন্ত ট্রেন থামিয়ে দুই লোকোমাস্টারকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এ সময় ট্রেনের ইঞ্জিনের কেবিনে ভাঙচুর চালিয়ে দুই রেলকর্মীর মোবাইল ফোন, নগদ টাকা ও পরনের কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে দর্শনার দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই রেলকর্মী হলেন লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন।
জানা গেছে, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকারবাহী (PSIK 6 DOWN) ট্রেনটি ক্রসিংয়ের জন্য দর্শনার দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা দুই লোকোমাস্টারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দুজনই কুপিয়ে জখম হন।
হামলার পর দুর্বৃত্তরা তাঁদের সঙ্গে থাকা মোবাইল ফোন, নগদ টাকা-পয়সা এবং পরনের কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর ট্রেনটি সেখান থেকে সরিয়ে উথলী রেলস্টেশনের লুপ লাইনে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত দুই রেলকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ট্রেনটি উথলী স্টেশনেই অবস্থান করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈশ্বরদী থেকে বিকল্প চালক ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রেনটি পুনরায় খুলনার উদ্দেশে যাত্রা শুরু করার কথা রয়েছে।
রেললাইনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় ইঞ্জিনের কেবিনে ঢুকে দুই দায়িত্বশীল রেলকর্মীর ওপর এমন হামলা ও লুটপাটের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে রেলকর্মীদের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং রেলপথে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply