
বরিশাল প্রতিনিধি: বরিশাল সদর উপজেলার ৩নং চরমোনাই ইউনিয়নে শতভাগ ও শারীরিক প্রতিবন্ধী আয়েশা বুশরার পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একটি কুচক্রী মহলের বিরুদ্ধে। নানার ওসিয়তকৃত জমি ও দোকানঘর বুঝে না পেয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন ওই অসহায় প্রতিবন্ধী নারী।
জানা গেছে, আয়েশা বুশরা পিতা মোঃ আবু তোহা ও মাতা মৃত নাসিমা বেগমের কন্যা। জন্মের পরপরই মা মারা যান। এরপর পিতা আবু তোহা ২য় বিয়ে করে বেতাগী চলে যান। গত ২৮ বছর ধরে তিনি তার ঔরসজাত প্রতিবন্ধী কন্যার কোনো খোঁজ-খবর নেননি।
প্রায় ৩০ বছর ধরে আয়েশা বুশরাকে তার আপন বড় খালা মোসাঃ ফাতেমা বেগম চরমোনাইয়ের পৈত্রিক বাড়িতে লালন-পালন করে আসছেন। তার সমস্ত খরচ বহন করছে খালার পরিবার। ওসিয়তকৃত জমির জন্য সহযোগিতা করছেন আয়েশার আপন বড় মামা এ.কে.এম. বজলুর রহমান।
আয়েশার নানা মরহুম আব্দুল মান্নান শরীফ মৃত্যুর আগে তার জন্য ওসিয়ত করে জমিসহ দুটি দোকানঘর রেখে যান। সেই জমি বুঝিয়ে দিতে চরমোনাই পীর মুফতি মাওলানা সৈয়দ রেজাউল করিমের নির্দেশনায় সাবেক চেয়ারম্যান আবুল খায়ের ও শামসুদ্দোহাসহ ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটির লিখিত ফয়সালায় বলা হয়, প্রতিবন্ধী আয়েশা বুশরা তার নানার ওসিয়তকৃত দুটি দোকানঘরসহ জমি পাবেন। কিন্তু ফয়সালার পরও একটি কুচক্রী মহলের বাধার কারণে এখন পর্যন্ত আয়েশা তার সম্পত্তি বুঝে পাননি। উল্টো রোগে ভুগে কষ্টে দিন কাটাচ্ছেন তিনি।
অভিযোগ রয়েছে, আয়েশার ছোট মামা হাবিবুর রহমান নানার ওসিয়তকৃত জমি বুঝিয়ে দিতে গড়িমসি করছেন। জোর-জবরদস্তি করে সম্পত্তি দখলে রাখার চেষ্টা করছেন এমনকি জমিরসীমান পিলারও ভেঙ্গে ফেলছেন তিনি।
এদিকে দীর্ঘ ২৮ বছর পর হঠাৎ হাজির হয়েছেন আয়েশার বাবা মাওঃ মোঃ আবু তোহা। তিনিও সম্পত্তি হাতিয়ে নিতে নানা ধরনের পায়তারা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার আয়শার খালা ও প্রতিবন্ধী বুশরার স্বামী মোতাচ্ছের বিল্লাহ।
আয়েশা বুশরার স্বামী মোতাচ্ছের বিল্লাহ প্রতিবন্ধীর জমি ফিরে পেতে বরিশাল কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেন। পরে থানা থেকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেওয়া হয় চরমোনাই পীর সাহেব সৈয়দ রেজাউল করিমকে।
এ বিষয়ে চরমোনাই পীর সাহেব সৈয়দ রেজাউল করিম জানিয়েছেন, বিষয়টি সাবেক চেয়ারম্যান আবুল খায়েরের দায়িত্বে রয়েছে। তিনি বিষয়টি দেখে বুঝিয়ে দেবেন।
তবে সাবেক চেয়ারম্যান আবুল খায়ের এ বিষয়ে জানিয়েছেন, প্রতিবন্ধী আয়েশা বুশরার ছোট মামা হাবিবুর রহমান তাকে তার পক্ষ মানছেন, তাই এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। প্রতিবন্ধী বুশরার বিষয়টি দেখবেন ফয়সালার দায়িত্ব শামসুদ্দোহা সাহেব।
ভুক্তভোগী পরিবারের দাবি, চরমোনাই পীরের ফয়সালা অনুযায়ী দ্রুত প্রতিবন্ধী আয়েশা বুশরাকে তার নানার ওসিয়তকৃত সম্পত্তি বুঝিয়ে দেওয়া হোক। তা না হলে একজন শতভাগ প্রতিবন্ধী নারী চিরদিনের জন্য তার অধিকার থেকে বঞ্চিত হবেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply