
নিজস্ব প্রতিবেদক:বাবলু বড়ুয়া
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা উপেক্ষা করে একটি সড়কের নাম পরিবর্তনের চেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা বেগমের বিরুদ্ধে। পুরোনো ও প্রতিষ্ঠিত নাম বহাল রাখার দাবি জানিয়ে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ‘মৌলভী ফজল করিম মিয়াজি সড়ক’ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এ অবস্থায় প্রবাসী ও এলাকাবাসীর অর্থায়নে গত ৬ অক্টোবর ২০২৬ তারিখে সড়কটির ৫২০ ফুট অংশ আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হয়। মৌলভী ফজল করিম মিয়াজির বাড়ি থেকে পশ্চিম দিকে ৫২০ ফুট পর্যন্ত ঢালাইয়ের কাজ শেষ হওয়ার পর গত ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এলাকাবাসীর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অভিযোগ রয়েছে, ১৩ নম্বর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা বেগম নিজের সিদ্ধান্তে সড়কের নাম পরিবর্তন করে ‘হযরত আব্দুল কাদের জিলানী সড়ক’ উল্লেখ করে তোরণে ব্যানার লাগান এবং ইউনিয়ন পরিষদের সচিবকে সঙ্গে নিয়ে সড়কটির উদ্বোধন করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীর দাবি, গত ৪ আগস্ট চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ওই সড়কের একাংশের সংস্কারকাজের উদ্বোধন করেন। তখনও উদ্বোধনী ফলকে ‘মৌলভী ফজল করিম মিয়াজি সড়ক’ নাম উল্লেখ ছিল। তবে অভিযোগ উঠেছে, পরবর্তী সময়ে ওই নামের ফলকটি রাস্তার পাশে আড়ালে রেখে নতুন করে ‘হযরত আব্দুল কাদের জিলানী সড়ক’ নাম ব্যবহার করে উদ্বোধন করা হয়। এতে এলাকাবাসী প্রতিবাদ জানান।
সড়কের পুরোনো নাম বহাল রাখার দাবিতে গত ৮ আগস্ট চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন স্থানীয়রা। পরবর্তীতে গত ২৭ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সড়কের নাম পরিবর্তন না করার নির্দেশনা দেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
এরপরও নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে অভিযোগ করে গত ৯ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দ্বিতীয় দফায় লিখিত অভিযোগ দেন স্থানীয়রা। তাঁদের দাবি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা বেগম ও ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল ইসলামকে বিষয়টি বারবার অবহিত করা হলেও তাঁরা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেননি।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, ১৯৪৬ সালে নোয়াপাড়া ইউনিয়নের তৎকালীন পঞ্চায়েতের চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. মইনুল ইসলামের পিতা ওবায়দুল হক সড়কটির নামকরণ করেন। নামকরণ ও পরিষদের অনুমোদনসংক্রান্ত কপি মৌলভী ফজল করিম মিয়াজির হাতে তুলে দেওয়া হয়। সে সময় সড়কের উন্নয়নকাজের জন্য মৌলভী ফজল করিম মিয়াজি তৎকালীন পঞ্চায়েত পরিষদকে ৭৫ টাকা প্রদান করেছিলেন বলে জানা যায়।
এলাকাবাসী আরও জানান, ১৯৮৪ সালে নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম খায়েজ আহমদ সড়কটি প্রশস্তকরণ ও মাটি ভরাটের জন্য উন্নয়ন বরাদ্দ দেন। ১৯৯০ সালে স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ছালামত আলী বিভিন্ন সময়ে সড়কটির উন্নয়নে ভূমিকা রাখেন। ১৯৯৭ সালে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শফিও উন্নয়ন বরাদ্দ দেন। এছাড়া ১৯৯৯-২০০০ অর্থবছরে এলজিইডির বরাদ্দের আওতায় সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম এবং ২০০৪, ২০০৫ ও ২০০৮ সালে চেয়ারম্যান মনিরুল ইসলাম সড়কটির উন্নয়নকাজে বরাদ্দ দেন। সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়াও সড়কটির উন্নয়নে সহযোগিতা করেছেন বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে হাজী ফজল করিম মিয়াজি বাড়ির মোহাম্মদ ইউনুস মিয়া বলেন, “এই সড়কের নাম প্রায় ৮০ বছর আগে প্রতিষ্ঠিত ও অনুমোদিত হয়েছে। যারা সড়কটির নাম পরিবর্তনের অপচেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ভবিষ্যতে কেউ যেন অর্থের বিনিময়ে এ ধরনের অপচেষ্টা করতে না পারে, সে বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
এ বিষয়ে বক্তব্য জানতে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এলাকাবাসীর দাবি, প্রশাসনিক নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করে সড়কটির পূর্বের নাম ‘মৌলভী ফজল করিম মিয়াজি সড়ক’ বহাল রাখা এবং নাম পরিবর্তনের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply