বাগমারা প্রতিনিধি: মোঃ আতাউর রহমান
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চানঁপাড়া মহল্লায় বেহাল কাঁচা রাস্তা, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা ও ময়লার ভাগাড়ের দুর্গন্ধে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চললেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। জনদুর্ভোগ নিরসনে রাস্তাটি দ্রুত পাকাকরণ এবং ময়লার ভাগাড়টি অপসারণের দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদারের বাসার কাছাকাছি চানঁপাড়া ই.এস.ডি.ও (এনজিও) কার্যালয়ের পূর্ব পাশে ভবানীগঞ্জ-আত্রাই প্রধান সড়ক থেকে পূর্ব দিকে একটি পৌরসড়ক রয়েছে। আব্দুর রহমানের বাড়ি থেকে মো. জালালের বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ ফুট দীর্ঘ সড়কটির একটি অংশ এখনো কাঁচা। ফলে প্রতিদিন এ পথে চলাচল করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে পানি জমে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও সাধারণ পথচারীদের চলাচলে ভোগান্তি বাড়ে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও স্থায়ী সমাধান না হওয়ায় হতাশ স্থানীয়রা।
রাস্তার পাশে ময়লার ভাগাড়, ছড়াচ্ছে দুর্গন্ধ
রাস্তার দুরবস্থার পাশাপাশি এলাকাবাসীর ভোগান্তি বাড়িয়েছে ময়লার একটি ভাগাড়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আব্দুর রহমান ও মাস্টার ইয়াছিন আলীর বাড়ির সামনের রাস্তার পাশে জমে থাকা ময়লা-আবর্জনা থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে আশপাশের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর দাবি, শুধু রাস্তাটি পাকাকরণ করলেই হবে না, জনস্বাস্থ্য ও পরিবেশের স্বার্থে ময়লার ভাগাড়টিও দ্রুত অপসারণ করতে হবে। নিয়মিত বর্জ্য অপসারণ এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
পৌর প্রশাসকের কাছে আবেদন
স্থানীয়রা জানান, রাস্তাটি দৈর্ঘ্যে খুব বেশি না হলেও তাঁদের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র ৩০০ ফুট রাস্তা পাকাকরণ করা হলে চলাচল অনেক সহজ হবে। পাশাপাশি বৃষ্টির সময় কাদা ও জলাবদ্ধতাজনিত দুর্ভোগও অনেকাংশে কমে আসবে।
জানা গেছে, রাস্তাটি পাকাকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ইতোমধ্যে ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, আবেদনটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে রাস্তাটির বর্তমান অবস্থা পরিদর্শন করে দ্রুত পাকাকরণের উদ্যোগ নেবে এবং ময়লার ভাগাড়টি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এখন সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন চানঁপাড়া মহল্লার বাসিন্দারা। জনস্বার্থে রাস্তাটি দ্রুত পাকাকরণ, জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষ এগিয়ে আসবে—এমনটাই প্রত্যাশা তাঁদের।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply