
নিজস্ব প্রতিবেদক, এম এইচ আর হাবিব ভান্ডারী: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঢাংগী পুকুরী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান ও কয়েকজন সহকারী শিক্ষকের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কিছু শিক্ষক নিয়মিত সময়ে উপস্থিত হলেও কৃষি শিক্ষা শিক্ষক মাসুমা বেগম, বিএসসি শিক্ষক শামসুল আলম ও শ্রী প্রফুল্ল চন্দ্র রায় প্রায়ই দেরিতে বিদ্যালয়ে আসেন বলে তাদের অভিযোগ।
সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত আলী বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পাঁচজন শিক্ষককে অনুপস্থিত পেয়ে তাঁদের হাজিরা খাতায় অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে বিদ্যালয়ে যান সংবাদকর্মীরা। অভিযোগ রয়েছে, সংবাদকর্মীদের উপস্থিতি দেখে কৃষি শিক্ষা শিক্ষক মাসুমা বেগম ও বিএসসি শিক্ষক শ্রী প্রফুল্ল চন্দ্র রায় ক্ষুব্ধ হন। এ সময় তাঁরা প্রধান শিক্ষক মতিউর রহমানের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন এবং তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ উঠেছে।
প্রধান শিক্ষক মতিউর রহমান জানান, কৃষি শিক্ষা ক্লাস নেওয়ার জন্য তিনি মাসুমা বেগমকে একাধিকবার মৌখিকভাবে তাগাদা দিয়েছেন। জবাবে মাসুমা বেগম তাঁকে জানিয়েছেন, কৃষি শিক্ষা বই শেষ হয়ে গেছে। এ ছাড়া সম্প্রতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে এসে কৃষি শিক্ষকেরসহ পাঁচজন শিক্ষককে অনুপস্থিত পেয়ে হাজিরা খাতায় অনুপস্থিত হিসেবে চিহ্নিত করেন বলে জানান তিনি।
এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত আলী বলেন, বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শনকালে পাঁচজন শিক্ষককে অনুপস্থিত পাওয়া যায়। এ কারণে তাঁদের হাজিরা খাতায় অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। অনুপস্থিত শিক্ষকদের সতর্ক করা হবে বলেও জানান তিনি।
বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে এ ধরনের দ্বন্দ্ব ও অনিয়মের অভিযোগে অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের স্বার্থে বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিরোধ নিরসন, শিক্ষকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করা এবং নিয়মিত পাঠদান অব্যাহত রাখা জরুরি।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষকের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও পূর্ণাঙ্গভাবে তুলে ধরা সম্ভব হবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply