“শিক্ষক গড়েন সভ্যতা, শিক্ষক মানেই আলোর দিশা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর সোমবার সকালে উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা পরিবার এবং বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক সমন্বয়ে পরিচালিত বাংলাদেশ শিক্ষক সমিতি, বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজিদা খানম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক ভিপি, চেম্বার অব কমার্সের পরিচালক, ইটভাটা মালিক সমিতির সভাপতি ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাইমারি স্কুল শাখা শিক্ষক সমিতির আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, সদস্য সচিব আবুল কাশেম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব আহসান হাবীব, সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা শাহজাহান সিরাজ শিপন।
এ ছাড়া বীরগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম, দলুয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক লব, কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, দলুয়া স্কুলের শিক্ষক আব্দুল আহাদসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
নওপাড়া স্কুল অ্যান্ড কলেজ, দলুয়া স্কুল অ্যান্ড কলেজ, ঝাড়বাড়ি, গোলাপগঞ্জ ডিগ্রি কলেজসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষকরা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকদের জ্ঞান, আদর্শ ও দায়িত্বশীলতার ওপরই অনেকাংশে নির্ভর করে আগামী প্রজন্মের পথচলা।
কর্মসূচি শেষে শিক্ষক নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমা খাতুনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের মাস্টার।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply