
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রামে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদের ‘অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬’। শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম মহানগরের পাঁচটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির আনুমানিক ১৫ থেকে ২০ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীদের মেধা যাচাই, সৃজনশীলতার বিকাশ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর উত্তর জোন এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে।
পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান অধ্যাপক নুরুন্নবী, পরীক্ষা নিয়ন্ত্রক মীর আবুল কালাম, উপদেষ্টা মুমিনুল হক, আহ্বায়ক খুররম মুরাদ ও সদস্যসচিব আনোয়ার হোসেনসহ সংগঠনের নেতারা। এ সময় তাঁরা অভিভাবকদের সন্তানদের সুশিক্ষা, সৃজনশীলতা ও মেধা বিকাশে উৎসাহিত করার আহ্বান জানান।
অংকুরের সদস্যসচিব আনোয়ার হোসেন বলেন, ১৯৮৫ সাল থেকে তরুণ মেধাবী শিক্ষার্থীদের উদ্যোগে সংগঠনটি চট্টগ্রামে কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীরা যেন ছোট পরিসর থেকে বৃহত্তর পরিসরে নিজেদের মেধা বিকাশের সুযোগ পায় এবং প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্যতা যাচাই করতে পারে, সে লক্ষ্যেই অংকুর কাজ করছে। ২০০০ সাল থেকে বৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বৃত্তি পরীক্ষার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক এবং ইনডোর-আউটডোর বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করে সংগঠনটি।
আহ্বায়ক খুররম মুরাদ বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে অংকুর দীর্ঘদিন ধরে কাজ করছে। বৃত্তি প্রকল্পের মাধ্যমে অনেক মেধাবী শিক্ষার্থী নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাচ্ছে। তাঁদের একটি অংশ ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
পরীক্ষা নিয়ন্ত্রক মীর আবুল কালাম বলেন, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে অংকুর কাজ করছে। দেশের মেধাবী জনশক্তি গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সংগঠনটির কার্যক্রমের সাফল্য কামনা করেন।
চেয়ারম্যান অধ্যাপক নুরুন্নবী বলেন, অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অংকুর মেধাবী শিক্ষার্থীদের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ বৃত্তি শিক্ষার্থীদের মেধা যাচাই ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনের আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নিঃস্বার্থভাবে এ কার্যক্রম পরিচালনা করছেন বলেও তিনি উল্লেখ করেন।
পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য, কেন্দ্রপ্রধান, হল পরিদর্শক, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান আহ্বায়ক খুররম মুরাদ।
এদিকে, উৎসবমুখর পরিবেশে সন্তানদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসতে পেরে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকেরা। তাঁরা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply