জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের সাতকানিয়ায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চার থেকে পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর উত্তেজিত লোকজন দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বাধার মুখে পড়েন। পরে পুলিশের সঙ্গে কয়েকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে সাতকানিয়ার কেরানীহাটের উত্তর পাশে মৌলভীর দোকান পেরিয়ে পাঠানিপুল এলাকার ইকবাল কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তি ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণও নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর উত্তেজিত লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বাধার মুখে পড়েন। এ সময় পুলিশের সঙ্গে কয়েকজনের সংঘর্ষের ঘটনাও ঘটে। তবে সংঘর্ষের কারণ ও এতে কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, দুর্ঘটনা ও পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েন।
দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার ঘটনাস্থলে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আরও চার থেকে পাঁচজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
অন্যদিকে, কেরানীহাটের অলকেয়ার হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক রাসেদুল করিম জানান, দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছিল। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় হতাহতদের পরিচয়, বাসে আগুন দেওয়ার কারণ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে আরও তথ্য পাওয়া যায়নি। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply