
মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে বিয়ের আশ্বাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ইফতিয়ার আহমেদ জোবায়ের (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হাকিমপুর উপজেলার এক তরুণীর সঙ্গে প্রায় ছয় মাস ধরে ইফতিয়ার আহমেদ জোবায়েরের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে নিজের পরিবারের সম্মতির কথা জানান এবং বিয়ের প্রস্তুতি নেওয়ার প্রতিশ্রুতি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারের বিবরণ অনুযায়ী, গত ৫ অক্টোবর বিকেলে জোবায়ের তার বাবা-মাকে সঙ্গে নিয়ে ওই তরুণীকে ফুলবাড়ী উপজেলার রাজারামপুর চৌধুরীপাড়া এলাকায় তাঁদের বাড়িতে নিয়ে যান। সেখানে রাতযাপনের সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী।
পরদিন সকালে তরুণী বিষয়টি জোবায়েরের বাবা-মাকে জানালে তাঁরা দ্রুত বিয়ের ব্যবস্থা করার আশ্বাস দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে জোবায়ের ওই তরুণীকে তাঁর বাড়িতে পৌঁছে দিলেও পরবর্তী সময়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ ওঠে।
এজাহারে আরও বলা হয়, গত ৬ অক্টোবর জোবায়ের ওই তরুণীকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। এ বিষয়ে জানতে চাইলে তাঁকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। পরে অভিযুক্তের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা বিয়েতে রাজি হননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি ইফতিয়ার আহমেদ জোবায়েরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এক তরুণীর ধর্ষণের অভিযোগের ভিত্তিতে জোবায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাঁকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, মামলায় আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে অভিযুক্তকে দোষী হিসেবে বিবেচনা করা যায় না।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply