
মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলায় শিক্ষার মানোন্নয়ন, একাডেমিক ফলাফল বিশ্লেষণ এবং ভবিষ্যৎ শিক্ষা উন্নয়নের কর্মপরিকল্পনা নির্ধারণে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে উপজেলার ৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার মানোন্নয়নে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ উপস্থাপন করা হয়।
বুড়িচং উপজেলা প্রশাসন ও অধ্যাপক মোহাম্মদ ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে ‘An Analysis of Academic Performance of Burichang Upazila: Way Out for Future Excellence’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও অধ্যাপক মোহাম্মদ ইউনুস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাজী জসিম উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান।
সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক সচিব ও ডেসকো পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. সানোয়ার জাহান ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আ.হ.ম. তাইফুর আলম। এ ছাড়া ভিডিও বার্তা দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান শাহীন। আলোচক হিসেবে বক্তব্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (যুগ্মসচিব) বদরুল হাসান লিটন।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, পরিচালনা পর্ষদের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বুড়িচং উপজেলার শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা, বিগত বছরের একাডেমিক ফলাফল, শিক্ষার্থীদের অর্জন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরে উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সভাপতি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তাঁরা উপজেলার শিক্ষার মানোন্নয়ন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
আলোচনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার গুণগত মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, ফলাফলভিত্তিক বিশ্লেষণ ও পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে উপজেলার শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
অনুষ্ঠানের শেষপর্বে ২০২৬ সালে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত উপজেলার ১৮টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ বুড়িচং উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply