বিশেষ প্রতিনিধি:দেওয়ান মনিজা বেগম
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ভোররাতে নাফ নদীসংলগ্ন জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে বিজিবি ও এসআরবির যৌথ আভিযানিক দল। আটক ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে নাফ নদীসংলগ্ন এলাকায় যৌথ আভিযানিক দল কৌশলগত অবস্থান নেয়।
পরে সোমবার রাত সাড়ে ১২টার দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। রাত আনুমানিক আড়াইটার দিকে তাদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা কেওড়া বাগানের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প। এ সময় একটি মাছ ধরার ট্রলার থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মো. রিয়াজ (২৩) ও আতাউর রহমান (২৪) নামে আরও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ও বিজিবি সূত্রে জানা গেছে, পৃথক দুটি অভিযানে মোট ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply