
মোঃ আব্দুল হালিম
রংপুর বিভাগীয় প্রতিনিধি
রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে অনলাইন জুয়া এবং জাল ভিসা সংক্রান্ত প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলা ও ভিসা প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিম ও ভিসা প্রতারণার কাজে ব্যবহৃত কাগজপত্র জব্দ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর ২০২৬) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে রংপুর জেলার গংগাচড়া মডেল থানাধীন খলেয়া ইউনিয়নের শলেয়াহশাহ বাজার সংলগ্ন লালচাঁদপুর গ্রামের জনৈক শুভ চন্দ্র সরকারের চায়ের দোকানের সামনে অভিযানটি পরিচালনা করা হয়।
রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), রংপুরের তত্ত্বাবধানে জেলা পুলিশের এসআই (নিঃ) মোঃ মাজেদুল ইসলাম বসুনিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ডিবির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানকালে কয়েকজন ব্যক্তি অনলাইনে ভিসা প্রতারণার কাগজপত্র নিয়ে অবস্থান করছিলেন এবং মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপের মাধ্যমে জুয়া খেলছিলেন। এ সময় অভিযুক্ত মোঃ শিমুল ইসলাম (৩৩) ও মোঃ লিটন কবির (৩১)কে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে মোঃ শিমুল ইসলামের প্যান্টের ডান পকেট থেকে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও খোলা মোবাইল সিম উদ্ধার করা হয়। তার প্যান্টের বাম পকেট থেকে ভিসা প্রতারণার কাজে ব্যবহৃত বলে উল্লেখ করা ১০ পাতা কাগজপত্র জব্দ করা হয়।
অন্যদিকে, মোঃ লিটন কবিরের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের দাবি, জব্দ করা মোবাইল ফোন পর্যালোচনা করে সেখানে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে লগইন করার তথ্য পাওয়া যায়। এর মধ্যে রয়েছে—baji777.live, betlili365.vip, bk333.app, mcwcasino.fun, 1111bet, 99xo.game, 7cbloo1.kkjertp.com এবং supperbaji.club।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন তাদের নাম-ঠিকানা জানান। গ্রেপ্তারকৃত মোঃ শিমুল ইসলাম (৩৩), পিতা—মৃত মহুবর রহমান, সাং—উত্তর হাজীপুর; এবং মোঃ লিটন কবির (৩১), পিতা—মোঃ আজম আলী, সাং—উত্তর হাজীপুর ডাঙ্গাপাড়া। উভয়ের থানা—তারাগঞ্জ, জেলা—রংপুর।
পরে জব্দ করা আলামতসহ গ্রেপ্তার দুজনকে গংগাচড়া মডেল থানায় নেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ২৪, ২৫ ও ২৭ ধারা এবং সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর ২১, ২২, ২৪ ও ২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply