যশোর প্রতিনিধি :-মালিকুজ্জামান কাকা
যশোরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও একের পর এক মামলায় মাছ ব্যবসায়ী জহিরুল ইসলাম তানভীরকে আসামি করা হচ্ছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। তাঁকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে দাবি করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে পরিবারটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তানভীরের স্ত্রী মোছা. রানী বেগম লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন।
জহিরুল ইসলাম তানভীর যশোর সদর উপজেলার চাঁচড়া রায়পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার তরিকুল ইসলামের ছেলে। চাঁচড়া-বাবলাতলা সড়কের পাশে হাঁপায় মাছের ব্যবসা করেন তিনি।
লিখিত বক্তব্যে রানী বেগম দাবি করেন, তাঁর স্বামী কোনো রাজনৈতিক দলের সদস্য নন এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত নন। এরপরও ২০২৫ সালের ৫ আগস্টের পর থেকে তাঁকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর সেনাবাহিনীর সদস্যরা তানভীরকে তাঁর বাড়ির সামনে থেকে আটক করে মারধর করেন। পরে তাঁকে ও তাঁর মামাকে থানায় নেওয়া হয়। তবে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ না পাওয়ায় পরবর্তী সময়ে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তানভীরের শারীরিক অসুস্থতার বিষয়টিও তুলে ধরা হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর পুকুরপাড়ে হাঁটার সময় দুর্ঘটনায় তাঁর ডান হাঁটুর পেছনের পিসিএল (PCL) লিগামেন্ট গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানায়, তাঁর তৃতীয় মাত্রার লিগামেন্ট ছিঁড়ে গেছে। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। চিকিৎসার জন্য আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকা প্রয়োজন।
এ অবস্থায় গত ১২ নভেম্বর যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আরও ২১ জনের সঙ্গে তানভীরকেও আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।
রানী বেগম বলেন, তাঁর স্বামীর শারীরিক অবস্থা ও চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র বিবেচনায় নিয়ে মামলাটির নিরপেক্ষ তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তাঁর দাবি, অসুস্থ অবস্থায় চলাফেরায় অক্ষম স্বামীকে এ মামলায় জড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি আরও জানান, তানভীর তাঁদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁদের দুই ছেলে রয়েছে। বড় ছেলে তানজিমুল উম্মাহ মাদ্রাসায় পড়াশোনা করে। স্বামীর চিকিৎসা, সন্তানদের লেখাপড়া এবং সংসারের খরচ চালাতে গিয়ে পরিবারটি বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছে।
সংবাদ সম্মেলনে রানী বেগম বলেন, তাঁর স্বামী কোনো অপরাধ করে থাকলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হোক। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন। যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রকৃত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।
এদিকে, প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২০২৩ সালেও তানভীরের বিরুদ্ধে একটি মাদক মামলা ছিল। ফলে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর প্রকৃত অবস্থা ও বর্তমান আইনি অগ্রগতি যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বক্তব্য জানতে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
পরিবারের অভিযোগ ও দাবির বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply