
মোঃ আব্দুল্লাহ বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচংয়ে গভীর রাতে মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে তিনটি পরিবারের বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ফ্রিজ, মোটরসাইকেল, নগদ টাকা, মূল্যবান কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার সদর পৌরসভার পূর্বপাড়া এলাকায় মরহুম হাজী বাচ্চু ডিলারের ছেলে শরীফুল ইসলামের ঘরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে ঘুমন্ত পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা চালান।
খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই শরীফুল ইসলাম, মো. ইসমাইল ও হানিফের ঘরের আসবাবপত্র, ফ্রিজ, মোটরসাইকেল, বৈদ্যুতিক পাখা, নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম ও ইউপি সদস্য জহিরুল ইসলাম।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply