দিনাজপুর প্রতিনিধি: মোঃ মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সুখি রায় (২১) নামে এক প্রসূতি মা। বিশেষ বিষয় হলো, চার শিশুরই জন্ম হয়েছে স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) মাধ্যমে। বর্তমানে মা ও চার নবজাতক সবাই সুস্থ রয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়া গৃহবধূ সুখি রায় দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ তালপুকুর গ্রামের খোকন রায়ের স্ত্রী। নবজাতক চারটি এই দম্পতির প্রথম সন্তান। চার শিশুর মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে।
খোকন রায় ও সুখি রায় দম্পতি জানান, একসঙ্গে চার সন্তানের বাবা-মা হতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। সন্তানদের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য তাঁরা সবার কাছে দোয়া কামনা করেছেন।
বুধবার রাত ১০টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জন্ম নেওয়া চার নবজাতকই সুস্থ রয়েছে। তাদের শারীরিক অবস্থা নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন।
হাসপাতালের গাইনি ওয়ার্ডের ২ নম্বর ইউনিটে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এস কে সাদেক আলীর তত্ত্বাবধানে মা ও নবজাতকেরা ভর্তি রয়েছেন। তিনি জানান, শিশুদের ওজন স্বাভাবিক রয়েছে এবং তারা সুস্থ আছে।
হাসপাতাল পরিচালক আরও বলেন, একসঙ্গে চার সন্তানের স্বাভাবিক প্রসব একটি বড় সফলতা। মা ও চার নবজাতকের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি তাদের সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
একসঙ্গে চার সন্তানের জন্মের এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply