

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খাগালিয়া কান্দিপাড়া চাইনিজবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে পূর্বপাড়াকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিমপাড়া একাদশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় খাগালিয়া কান্দিপাড়া খেলার মাঠে গ্রামবাসীর উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। খেলা ঘিরে পুরো গ্রামে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। মাঠের চারপাশে জড়ো হন আশপাশের বিভিন্ন গ্রামের হাজারো দর্শক। ঢোলের তালে, করতালি ও দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
ফাইনালে মুখোমুখি হয় খাগালিয়া পশ্চিমপাড়া একাদশ ও খাগালিয়া পূর্বপাড়া একাদশ। নির্ধারিত সময়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও কোনো দল গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ২-০ গোলে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে পশ্চিমপাড়া একাদশ। জয় উদ্যাপনে মেতে ওঠেন বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকেরা।
খেলা শেষে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া একাদশের হাতে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ পূর্বপাড়া একাদশের হাতে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি তুলে দেওয়া হয়।
টুর্নামেন্টের স্পন্সর ছিলেন ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের সন্তান, মালদ্বীপপ্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ২ নম্বর ভলাকুট ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তার হোসেন।
মালদ্বীপ থেকে ভিডিও কলে যুক্ত হয়ে মুক্তার হোসেন বলেন, “বিগত ১৭ বছর ফ্যাসিবাদীদের আমলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে পরিকল্পিতভাবে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছিল। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে এ ধরনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে।”
তিনি আরও বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে। নিয়মিত খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে এবং মানসিক বিকাশ ঘটে। সুন্দর, মাদকমুক্ত ও আদর্শ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই সবাইকে বেশি বেশি খেলাধুলার আয়োজন করার আহ্বান জানাচ্ছি।”
খাগালিয়া গ্রামের সাবেক মেম্বার মোহাম্মদ আরাফাত আলীর সভাপতিত্বে এবং তরুণ ব্যবসায়ী মো. শামীম আহমদের সঞ্চালনায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী, সাংবাদিক শামীম আহমেদ, সাংবাদিক মো. সাইফুল ইসলাম ও সাংবাদিক ওয়ালী রহমানসহ আশপাশের বিভিন্ন গ্রামের বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষ।
স্থানীয় গ্রামবাসীরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন গ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply