নিজস্ব প্রতিবেদক: বাবলু বড়ুয়া
কক্সবাজারের টেকনাফে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর এক রোহিঙ্গা কিশোর ও চট্টগ্রামের এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। পরে পরিচয় ও ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাইরে কেরানতলী রাস্তার মাথা থেকে তাদের উদ্ধার করা হয়।
১৬ এপিবিএনের ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের ইনসিডেন্ট রিপোর্ট সূত্রে জানা যায়, ওই এলাকায় দুই অপরিচিত কিশোর-কিশোরীকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে খবর পেয়ে এপিবিএনের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।
এরপর প্রায় দুই ঘণ্টা অনুসন্ধান ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। উদ্ধার হওয়া কিশোর জমির হোসেন (১৫) ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০৬ ব্লকের বাসিন্দা। অন্যদিকে, কিশোরী মরিয়ম (১৪) চট্টগ্রামের চাঁদগাঁও এলাকার বাসিন্দা।
এপিবিএনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল আনুমানিক ১০টা থেকে তারা দুজন নিখোঁজ ছিল।
পরে রাত আনুমানিক ৮টার দিকে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০৬ ব্লক এলাকায় জমির হোসেনকে তার ভাই মো. ওসমানের (২৫) কাছে এবং মরিয়মকে তার নানা মো. সিদ্দিকের (৬১) কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা হয়েছে বলে ইনসিডেন্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply