বিপ্লব দাস, বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের প্রস্তুতি, সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে তাঁরা বোয়ালখালীর ঐতিহ্যবাহী মেধস মুনির আশ্রম এবং উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা বিনাপানি সংগঠনের পূজামণ্ডপ পরিদর্শন করেন। মণ্ডপটি বোয়ালখালী উপজেলার অন্যতম বৃহৎ ও দৃষ্টিনন্দন পূজামণ্ডপ হিসেবে পরিচিত।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক কানিজ ফাতেমা এবং বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ১০ নম্বর আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হামিদুল হক মন্নান, ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসান, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার, মেধস মুনির আশ্রমের মহারাজ শ্রীমৎ দীপানন্দ মহারাজ এবং বোয়ালখালী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজার আয়োজন সম্পন্ন করতে হবে। এ জন্য প্রশাসন, পুলিশ, পূজা উদ্যাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের গুজব, অপপ্রচার কিংবা উসকানিমূলক কর্মকাণ্ড পরিস্থিতি উত্তপ্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার না করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ ও সতর্কতার মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply