
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির নলছিটি উপজেলার ৫ নং সুবিদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ওই ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোঃ আল আমিন মোল্লা (আলম)।
প্রার্থী হওয়ার আগ্রহকে ঘিরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, সাধারণ মানুষের প্রত্যাশা এবং নির্বাচিত হলে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি।
মোঃ আল আমিন মোল্লা (আলম) বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। রাস্তাঘাটসহ সাধারণ মানুষের নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে কাজ করব। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলে বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ভূমিকা রাখতে চাই।”
এদিকে ৩ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এমন একজন জনপ্রতিনিধি প্রত্যাশা করেন, যিনি শুধু নির্বাচনের সময় নয়, বছরের অন্যান্য সময়েও সাধারণ মানুষের পাশে থাকবেন এবং এলাকার সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা রাখবেন।
স্থানীয় কয়েকজন ভোটার বলেন, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি মানুষের কথা শুনবেন, বিপদে-আপদে পাশে থাকবেন এবং এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন।”
অন্যদিকে বাজারের চায়ের দোকানগুলোতেও সম্ভাব্য প্রার্থী ও নির্বাচন নিয়ে চলছে আলোচনা। স্থানীয় চায়ের দোকানদারদের কেউ কেউ এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন।
তারা বলেন, “জনপ্রতিনিধি হলে মানুষের কথা শুনতে হবে। এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।”
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৩ নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা বাড়ছে। তবে শেষ পর্যন্ত ভোটাররা তাদের প্রত্যাশা ও পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন—এমনটাই বলছেন স্থানীয়রা।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply