
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি, আহমদ রেজা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর এবারের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আবেগ-অনুভূতি লক্ষ্য করা গেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের একটি ছবি নেতাকর্মীদের মধ্যে বিশেষভাবে আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়। একই ফ্রেমে রয়েছেন বিএনপির নেতা হাবিবুর নবী খান সোহেল।
দলটির নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, মামলা-হামলা, নির্যাতন ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বিএনপি তার সাংগঠনিক পথচলা অব্যাহত রেখেছে। তাদের মতে, দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের দীর্ঘ আন্দোলন-সংগ্রামে জীবন উৎসর্গকারী নেতাকর্মীদের স্মরণ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, “দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের পর দেশের জনগণের প্রত্যাশা পূরণে দেশনায়ক ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন করতে পেরে আমরা গর্বিত। এ প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আবেগের।”
তিনি আরও বলেন, বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিএনপির নেতাকর্মীরা প্রত্যাশা করছেন, দলের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির কাঙ্ক্ষিত পথে এগিয়ে যাবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply