
সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।
পরে শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া।
আলোচনা সভা শেষে শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে দীর্ঘ সময় পরিশ্রম করছেন। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে জনগণের ভালোবাসায় প্রধানমন্ত্রী হয়েছেন।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে সবাইকে ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইরাদ মুন্সি,
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দলীয় প্রধানদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply