
মোঃ আবদুল্লাহ, বুড়িচং কুমিল্লা: মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বুড়িচং থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালিটি বুড়িচং প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি হাসপাতাল গেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন ভূঁইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলা উত্তরের সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. আবদুল আউয়াল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড. সাইফুল আলম।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
এসময় বুড়িচং থানার সেকেন্ড অফিসার এসআই মো. রাকিবুল হাসান, এসআই জয়নুল আবেদীনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply