
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১টা ১০ মিনিটের দিকে পালংখালী সীমান্তের আনজুমানপাড়া এলাকার ফাইস্যাখালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন,উখিয়ার নলবনিয়া বুছারগুনা এলাকার নুরুল আলমের ছেলে ভুট্টো (৩৮) ও আব্দুল করিমের ছেলে আমির হামজা (২৬)।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান করছিল। এ সময় মিয়ানমারের দিক থেকে পোটলা হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে দুজনকেই আটক করা হয়।
পরে তাদের বহন করা পোটলায় তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০ কার্টন থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply