
মোঃ হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় আসওয়াদ (২৩) নামে এক যুবক, তাঁর মা ও ছোট ভাই আহত হয়েছেন বলে থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দেন আসওয়াদ। তিনি নগরীর শম্ভুগঞ্জ এলাকার সবজিপাড়া, খানকা মাদ্রাসা সংলগ্ন এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা আসওয়াদের জেঠাতো ভাই। রঘুরামপুর মৌজায় থাকা পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। আসওয়াদের দাবি, তাঁর বাবার নামে থাকা ওই জমি দখলের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার আলোচনা ও সালিশের চেষ্টা করা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
অভিযোগে বলা হয়, শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ অনুষ্ঠিত হয়। সালিশ শেষে উপস্থিত ব্যক্তিরা চলে যাওয়ার পর অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করেন আসওয়াদ।
অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা রামদা দিয়ে বাড়ির দরজা-জানালা কুপিয়ে ভাঙচুর করেন। তিনি বাধা দিতে গেলে একজন অভিযুক্ত দা দিয়ে তাঁর মাথার পেছনে আঘাত করে রক্তাক্ত জখম করেন এবং অপর একজন কিরিচ দিয়ে তাঁর বাম হাতে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।
আসওয়াদের চিৎকার শুনে তাঁর মা মোছা. আসমা খাতুন (৪০) ও ছোট ভাই আসাদুজ্জামান মীর (১৮) এগিয়ে এলে তাঁদেরও লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তাঁরা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া হামলার পর অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন আসওয়াদ। থানায় অভিযোগ করলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার পর লাশ গুম এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় আসওয়াদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন বলে অভিযোগে জানানো হয়েছে।
আসওয়াদ অভিযোগে আরও দাবি করেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় ভবিষ্যতে তাঁর ও পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারেন বলে তিনি আশঙ্কা করছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আবেদন জানিয়েছেন তিনি।
তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply