
মোঃ সুজন শেখ: গোপালগঞ্জ সদর উপজেলার ২৩ নম্বর চরপুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে নিয়মিত বিদ্যালয় প্রাঙ্গণ ঝাড়ু দেওয়ানোর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে শিক্ষা কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
গত রবিবার (১৯ জুলাই) দুপুরের আগে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের আঙিনা ঝাড়ু দিচ্ছে। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তাদের অভিযোগ, শিক্ষকদের নির্দেশে নিয়মিত ঝাড়ু দেওয়াসহ বিভিন্ন কাজ করতে হয় এবং অনেক সময় তা তাদের ইচ্ছার বিরুদ্ধেই করতে বাধ্য করা হয়।
এ বিষয়ে কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, বিদ্যালয়ের শিক্ষকরা প্রায়ই শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেওয়া ও অন্যান্য কাজ করান। এতে শিশুরা শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ে এবং শ্রেণিকক্ষে পাঠে মনোযোগ দিতে পারে না। বাড়ি ফিরে পড়াশোনা করার পরিবর্তে ক্লান্তির কারণে বিশ্রাম নিতে বাধ্য হয়, যা তাদের স্বাভাবিক শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিপু দে বলেন, “আমাদের বিদ্যালয়ে এমএলএসএস (অফিস সহায়ক) পদে কোনো কর্মচারী নেই। ফলে বিদ্যালয়ের প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ আমাদেরই করতে হয়। শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেওয়ানো ছাড়া বিকল্প কোনো উপায় নেই। বিষয়টি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাও জানেন এবং তিনি সরেজমিনে দেখেছেন। আমার মতে এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো বিধিমালা লঙ্ঘিত হচ্ছে না।”
অন্যদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র টিকাদার বলেন, “ওই বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেওয়ানোর বিষয়টি আমার জানা ছিল না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন করে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা অনুচিত। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহল বিদ্যালয়ে প্রয়োজনীয় সহায়ক জনবল নিয়োগের দাবি জানিয়েছেন। তাদের মতে, শিক্ষার্থীদের মূল দায়িত্ব পাঠ গ্রহণ করা; বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো কাজের জন্য শিশুদের ব্যবহার না করে প্রয়োজনীয় কর্মচারী নিয়োগের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করা উচিত।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply