
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর তেরিবাজার থেকে শিবগঞ্জ ঘাট পর্যন্ত প্রায় ৬০০ ফুট দীর্ঘ দুটি অস্থায়ী বাঁশ-কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় নির্মিত সেতু দুটি চালু হওয়ায় নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে সেতু দুটি উদ্বোধন করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করেন। সেতু দুটির বিশেষত্ব হলো, একটি দিয়ে মানুষ নদী পারাপার হবেন এবং অন্যটি দিয়ে ফিরবেন। এতে দুই দিকের চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে বাঁশ ও কাঠ দিয়ে সেতু নির্মাণের কাজ শুরু হয়। প্রতিদিন ২৭ থেকে ২৮ জন শ্রমিকের পাশাপাশি অনেকে স্বেচ্ছাশ্রমে নির্মাণকাজে অংশ নেন। সেতু দুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৪ লাখ টাকা। প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৬০০ ফুট। এর মধ্যে একটির প্রস্থ ৮ ফুট এবং অন্যটির প্রস্থ ৬ ফুট। সেতু দিয়ে পথচারী, শিক্ষার্থী, সাইকেল, রিকশা ও জরুরি সেবার অ্যাম্বুলেন্স বিনা টোলে চলাচল করতে পারবে।
সেতু দুটির আয়-ব্যয় ও রক্ষণাবেক্ষণের জন্য একটি পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের পরামর্শে তেরিবাজার বড় মসজিদ ও শিবগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম, কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক এবং খ্রিষ্টান সম্প্রদায়ের একজন সমাজসেবকের নেতৃত্বে পরিষদটি দায়িত্ব পালন করবে। নির্মাণ ব্যয় বাদে অবশিষ্ট আয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, দুস্থ রোগীদের চিকিৎসা এবং অন্যান্য সেবামূলক কাজে ব্যয় করা হবে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমেশ্বরী নদী দুর্গাপুর পৌর শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তিনটি ইউনিয়নের যোগাযোগব্যবস্থাকে বিভক্ত করেছে। কুল্লাগড়া, গাঁওকান্দিয়া ও বিরিশিরি এলাকার মানুষকে শিবগঞ্জ ফেরিঘাট দিয়ে নৌকায় নদী পার হয়ে উপজেলা শহরে যাতায়াত করতে হয়। প্রতিদিন হাজারো মানুষ এ ঘাট ব্যবহার করেন। বিশেষ করে শীত মৌসুমে পর্যটকদের আনাগোনাও বেড়ে যায়।
দীর্ঘদিন ধরে স্থায়ী সেতু না থাকায় বর্ষা মৌসুমে প্রায় ছয় মাস নৌকায় ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় স্থানীয়দের। অন্যদিকে, শুকনো মৌসুমে নদীর পানি কমে গেলে বালুচর পেরিয়ে কিংবা হাঁটুপানি মাড়িয়ে নৌকায় উঠতে হয়। এতে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সেতু চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করে স্কুলছাত্রী আরাধ্য রায় বলেন, নদীর ওপর সেতু না থাকায় প্রায় প্রতিদিন স্কুলে যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো। এবার ব্যারিস্টার কায়সার কামাল স্যার কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ। তবে আমাদের দাবি, সোমেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা হোক।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আলহামদুলিল্লাহ, দীর্ঘ ও দুই লেনবিশিষ্ট কাঠের সেতুর উদ্বোধন করেছে শিক্ষার্থীরা। সোমেশ্বরী নদীর ওপর নির্মিত এ সেতু জনগণের। এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের।” তিনি সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সোমেশ্বরী নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণের প্রকল্প এগিয়ে চলছে। আশা করছেন, ২০২৯ সালের মধ্যে স্থায়ী সেতুটির নির্মাণকাজ শেষ হবে।
স্থানীয়দের প্রত্যাশা, অস্থায়ী কাঠের সেতু দুটি চালুর মাধ্যমে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমার পাশাপাশি সোমেশ্বরী নদীর দুই পাড়ের মানুষের জীবনযাত্রা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন কার্যক্রম আরও গতিশীল হবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply