
কাজি মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামবাংলার চিরচেনা আবহে শহীদ ক্যাডেট স্কুলের বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী পিঠাপুলির স্বাদ, সৌন্দর্য ও বৈচিত্র্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিদ্যালয়টির এ আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
আজ ১৫ নভেম্বর২০২৬ রবিবার সকাল ১১:০০ টায় পিঠা উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দমুখর মিলনমেলায়। হরেক রকমের বাহারি পিঠার সমাহারে সাজানো হয় বিভিন্ন স্টল। সেখানে স্থান পায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধচিতই, পুলি পিঠা সহ নানা ধরনের মুখরোচক পিঠা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।
বিদ্যালয়ের পরিচালক সাবিনা ইয়াসমিনের উদ্যোগে প্রধান শিক্ষক মাসুদ রানা সহ সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ উৎসব শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দের সঞ্চার করে।

পিঠা উৎসব চলাকালীন সময়ে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে সংক্ষিপ্ত সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যকে পরিচিত করে তোলা এবং শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে উৎসাহিত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply