
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
বিশ্বসংগীতের ইতিহাসে এক উজ্জ্বল নাম পণ্ডিত রবিশঙ্কর। সেতারের সুর দিয়ে যিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে বিশ্বদরবারে পরিচিত করেছেন। বিশ্বখ্যাত এই সংগীতজ্ঞের জন্ম ভারতের বেনারসে হলেও তাঁর পৈতৃক নিবাস বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলার বরাকালিয়া গ্রামে। জন্মভূমি ভারত হলেও বাংলাদেশের প্রতি তাঁর ছিল গভীর ভালোবাসা ও আত্মিক টান। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে তাঁর ভূমিকা তাঁকে বাঙালির ইতিহাসেও স্মরণীয় করে রেখেছে।
১৯২০ সালের ৭ এপ্রিল ভারতের বেনারসে জন্মগ্রহণ করেন রবিশঙ্কর। তাঁর পুরো নাম রবীন্দ্রশঙ্কর চৌধুরী। বাবা শ্যামশঙ্কর চৌধুরী ছিলেন একজন প্রথিতযশা আইনজ্ঞ, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ। মা হেমাঙ্গিনী দেবী তাঁকে প্রতিকূলতার মধ্যে বড় করে তোলেন। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তাঁর বড় ভাই উদয়শঙ্কর ছিলেন বিখ্যাত নৃত্যশিল্পী।
শৈশবে বড় ভাইয়ের নৃত্যদলের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ পান রবিশঙ্কর। মাত্র ১০ বছর বয়সে তিনি প্যারিসে যান। পরবর্তী সময়ে ভাইয়ের নৃত্যদলের সঙ্গে বিভিন্ন দেশে সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এভাবেই অল্প বয়সে আন্তর্জাতিক মঞ্চের সঙ্গে তাঁর পরিচয় ঘটে।
১৯৩৮ সালে তিনি বড় ভাইয়ের নৃত্যদল ছেড়ে ভারতের মাইহারে চলে যান। সেখানে কিংবদন্তি সংগীতগুরু ওস্তাদ আলাউদ্দীন খানের কাছে সেতার শেখা শুরু করেন। দীর্ঘ ছয়-সাত বছরের কঠোর সাধনায় তিনি সেতারবাদনে অসাধারণ দক্ষতা অর্জন করেন। ১৯৩৯ সালে ভারতের আহমেদাবাদে প্রথম প্রকাশ্য একক সেতার পরিবেশন করেন।
১৯৪৯ সালে দিল্লির অল ইন্ডিয়া রেডিওতে সংগীত পরিচালক হিসেবে যোগ দেন। সেখানে তিনি বাদ্যবৃন্দ নামে জাতীয় অর্কেস্ট্রা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তী সময়ে সত্যজিৎ রায়ের বিখ্যাত ‘অপু ট্রিলজি’—পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র ও সংগীত আয়োজনে তাঁর অবদান রয়েছে।
১৯৫০-এর দশক থেকে ইউরোপ ও আমেরিকায় সেতার পরিবেশন করে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে পাশ্চাত্যের শ্রোতাদের কাছে পৌঁছে দিতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিখ্যাত সংগীতশিল্পী জর্জ হ্যারিসনের সঙ্গে তাঁর বন্ধুত্ব ও সংগীতচর্চা বিশ্বসংগীতে নতুন মাত্রা যোগ করে। জর্জ হ্যারিসন তাঁকে নিজের সংগীতগুরু ও পরামর্শদাতা হিসেবে সম্মান করতেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঐতিহাসিক অবদান
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীর গণহত্যা, নির্যাতন ও শরণার্থী সংকটের খবর পণ্ডিত রবিশঙ্করকে গভীরভাবে ব্যথিত করে। বাংলাদেশের মানুষের দুর্দশা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে তিনি উদ্যোগী হন। তাঁর অনুরোধ ও উদ্যোগে বন্ধু জর্জ হ্যারিসন এগিয়ে আসেন।
এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’। এতে পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন ছাড়াও বব ডিলান, এরিক ক্ল্যাপটন, রিঙ্গো স্টারসহ বিশ্বখ্যাত সংগীতশিল্পীরা অংশ নেন।
এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও শরণার্থীদের দুর্দশা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হয়। সংগৃহীত অর্থ বাংলাদেশের শরণার্থীদের মানবিক সহায়তায় ব্যয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল। সংগীতের মাধ্যমে মানবতার পক্ষে দাঁড়ানোর এই আয়োজন বিশ্বসংগীতের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
পারিবারিক জীবন ও উত্তরসূরি
ব্যক্তিজীবনে রবিশঙ্কর প্রথমে তাঁর গুরু ওস্তাদ আলাউদ্দীন খানের কন্যা অন্নপূর্ণা দেবীকে বিয়ে করেন। তাঁদের এক পুত্রসন্তান শুভেন্দ্র শঙ্কর। পরবর্তী সময়ে তাঁদের দাম্পত্য জীবনের অবসান ঘটে। পরে সুকন্যা কৈতানের সঙ্গে তাঁর সংসার গড়ে ওঠে। তাঁদের কন্যা অনুশকা শঙ্কর বর্তমানে আন্তর্জাতিকভাবে পরিচিত সেতারশিল্পী। এ ছাড়া তাঁর কন্যা নোরা জোন্স বিশ্বখ্যাত সংগীতশিল্পী ও গীতিকার।
পুরস্কার ও বিশ্বস্বীকৃতি
দীর্ঘ সংগীতজীবনে পণ্ডিত রবিশঙ্কর অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেন। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’সহ পদ্মশ্রী, পদ্মভূষণ এবং বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
২০১২ সালের ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৯২ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি সেতারবাদক।
পণ্ডিত রবিশঙ্কর শুধু একজন বিশ্বখ্যাত সংগীতশিল্পী ছিলেন না, তিনি ছিলেন মানবতার পক্ষে সোচ্চার একজন শিল্পী। নড়াইলের কালিয়ার সঙ্গে তাঁর পৈতৃক সম্পর্ক এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর ঐতিহাসিক ভূমিকা তাঁকে বাংলাদেশের মানুষের কাছেও বিশেষভাবে স্মরণীয় করে রেখেছে। তাঁর সেতারের সুর ও মানবিক অবদান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply