নিজস্ব প্রতিবেদক: জীবন দেওয়ান উজ্জ্বল
কক্সবাজারের টেকনাফে মানবপাচারের শিকার ১৪ বছর বয়সী দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই রোহিঙ্গা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফের উনচিপ্রাংয়ের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এপিবিএন চেকপোস্টে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুতুপালংয়ের ৭ নম্বর ক্যাম্পের মোহাম্মদ ইউসুফ (৪৩) ও উনচিপ্রাংয়ের ২২ নম্বর ক্যাম্পের মোহাম্মদ ইউনুস (৩১)।
১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দুই কিশোরের নাম সৈয়দুল আমিন ও মফিজুর রহমান। তাদের দুজনেরই বয়স ১৪ বছর। তারা উখিয়ার বালুখালীর ৮ নম্বর (ই) রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচারকারী চক্রের সদস্যরা ওই দুই কিশোরকে বালুখালী থেকে নৌকাযোগে মিয়ানমারে নিয়ে যায়। পরে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৯৫ হাজার টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এপিবিএন সূত্র জানায়, বৃহস্পতিবার মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে দুই কিশোরকে উনচিপ্রাং চেকপোস্ট দিয়ে নিয়ে আসার সময় দায়িত্বরত সদস্যদের সন্দেহ হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় দুই কিশোরকে উদ্ধার করা হয় এবং মানবপাচারে সম্পৃক্ততার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর ৬, ৭ ও ২২ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে। ২৩ অক্টোবর দায়ের করা মামলাটির নম্বর ৮৩।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের পাশাপাশি উদ্ধার হওয়া দুই কিশোর ও তাদের পরিবারের সদস্যদের এপিবিএনের নিরাপত্তা পাহারায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত সত্যতা তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply