
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে একটি ট্রাকের চেসিসের গাদামের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ৩৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একজন আসামিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) ভোর ৪টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর দিকনির্দেশনায় মেজর মো. আশিকুর রহমানের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল ও তল্লাশি জোরদার করা হয়।
এ সময় সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। ট্রাকে কোনো অবৈধ মালামাল আছে কি না জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তি তা অস্বীকার করেন। পরে বিজিবি সদস্যরা ট্রাকটিতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়ে চেসিসের গাদামের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১ লাখ ৩৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেন।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply