
গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে দুর্বৃত্তদের হামলায় নিহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় নিহত তৌফিকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। এ সময় তিনি নিহতের স্ত্রী সেতু মনি ও ভাই হারুন উর রশিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা তাঁদের হাতে তুলে দেন।
পরে মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবসময় তাঁদের পাশে থাকার অঙ্গীকার করেন। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মন্ত্রী আরও জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও সহযোগিতার আশ্বাসে নিহত তৌফিকের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply