
নিজস্ব প্রতিবেদক: জীবন দেওয়ান উজ্জ্বল
২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে হাজির করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একে একে আসামিদের হাজির করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনকে পেছন দিকে হাতকড়া পরিয়ে, মাথায় হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট পরা অবস্থায় আদালতে নেওয়া হয়।
হাজির করা আসামিদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে মাথা নিচু করে নীরবে এজলাসে প্রবেশ করতে দেখা যায়। অন্যদিকে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী অভিযোগ করেন, তাঁদের জোর করে আদালতে নেওয়া হচ্ছে এবং নির্যাতন করা হচ্ছে।
প্রথমে হুইলচেয়ারে করে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে এজলাসে নেওয়া হয়। এরপর সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে স্বাভাবিকভাবে আদালতে হাজির করা হয়।
বাকি আসামিদের দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এজলাসে নেওয়া হয়। এ সময় তাঁদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। মাথায় হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো অবস্থায় তাঁদের আদালতে প্রবেশ করানো হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে এ সময় কিছুটা জোরাজুরি করতে দেখা যায়।
আসামিদের আদালতে হাজির করাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। এপিবিএন সদস্যরা আসামিদের দুই পাশে অবস্থান নেন। এ ছাড়া সামনে ও পেছনে পুলিশের অন্যান্য সদস্যদের মোতায়েন করা হয়।
এর আগে সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ১০ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে বেলা ১২টার পর হাজির করা হয় জিয়াউল আহসানকে।
ট্রাইব্যুনালে হাজির ১১ আসামি
এ মামলায় ট্রাইব্যুনালে হাজির করা ১১ আসামি হলেন— সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা।
মামলাটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জন গ্রেপ্তার রয়েছেন এবং অন্যরা পলাতক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সোমবার মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামিপক্ষের শুনানির দিন ধার্য ছিল।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply