ওবায়দুর রহমান
দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নে সার ডিলার নিয়োগ নিয়ে রাজনৈতিক সম্পৃক্ততা ও একই পরিবারের একাধিক ডিলারশিপ থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগ-সংশ্লিষ্ট একটি পরিবারের সদস্যদের নামে একাধিক সার ডিলারশিপ থাকার বিষয়টি উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বিএনপির একাধিক নেতা। নতুন করে ডিলারশিপ অনুমোদনের বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সালথা উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী নেতা মো. লিয়াকত হোসেনের স্ত্রী ফয়জুন নেছার মালিকানাধীন ‘চঞ্চলা ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠানটি ভাওয়াল ইউনিয়নে সারের সাব-ডিলার হিসেবে কার্যক্রম পরিচালনা করলেও সম্প্রতি একই প্রতিষ্ঠানের নামে দেওয়া হয়েছে মূল সার ডিলারশিপ। এ নিয়েই স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগে আরও বলা হয়, লিয়াকত হোসেনের ছোট ভাই হেমায়েত হোসেনের মালিকানাধীন ‘হেমায়েত ট্রেডার্স’ বর্তমানে মাঝারদিয়া ইউনিয়নে সার ডিলার হিসেবে দায়িত্ব পালন করছে। পাশাপাশি হেমায়েত হোসেনের স্ত্রী রাশেদা বেগমের মালিকানাধীন ‘মেসার্স ফারুকুজ্জামান ফকির মিয়া ট্রেডার্স’ ভাওয়াল ইউনিয়নে সার ডিলারশিপ পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির নামের সঙ্গে সংশ্লিষ্ট ফারুকুজ্জামান ফকির মিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
অভিযোগকারীদের দাবি, লিয়াকত হোসেনের পরিবারের সদস্যদের নামে মোট চারটি সার ডিলারশিপ রয়েছে। একই পরিবারের একাধিক সদস্যের নামে ডিলারশিপ থাকা এবং নতুন করে চঞ্চলা ট্রেডার্সের অনুমোদন পাওয়ার বিষয়টি প্রচলিত নিয়োগনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
এ ছাড়া হেমায়েত হোসেনের মালিকানাধীন হেমায়েত ট্রেডার্সের নামে তিনটি ইউনিয়নে টিসিবির ডিলারশিপ থাকার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের একাংশের দাবি, একই পরিবারের নামে একাধিক ডিলারশিপ থাকলে সার বিতরণে অসমতা ও স্বার্থের সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে লিয়াকত হোসেন বলেন, ‘যে নামে ডিলার ছিল, সেটি সারেন্ডার করা হয়েছে।’ তিনি আরও বলেন, হেমায়েত হোসেন তাঁর আপন ছোট ভাই এবং তাঁর নামে সার ও টিসিবির একাধিক ডিলারশিপ রয়েছে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ‘আমরা প্রতি ইউনিয়নের জন্য তিনজনের একটি তালিকা জেলা প্রশাসনের কাছে দিয়েছিলাম। জেলা প্রশাসন যাচাই-বাছাই করে চূড়ান্ত সুপারিশ করেছে। একই পরিবারের একাধিক ডিলারশিপ থাকার পরও কেউ যদি তথ্য গোপন করে আবেদন করে, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সংশ্লিষ্টদের মতে, সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগের বিষয়গুলো যাচাই করা প্রয়োজন। একই পরিবারের একাধিক ডিলারশিপের বৈধতা, পূর্বের ডিলারশিপ সারেন্ডারের তথ্য এবং নতুন নিয়োগের ক্ষেত্রে অনুসরণ করা নীতিমালা খতিয়ে দেখলে প্রকৃত চিত্র পরিষ্কার হবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply