1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 3:27 am

রংপুরে উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি

মিসেস শরিফা আক্তার ময়না
  • Update Time : Thursday, November 5, 2026
  • 3 Time View

নিজস্ব প্রতিবেদক মিসেস শরিফা আক্তার ময়না

খামার মোড়ে দুই দফায় হেনস্তা ও মারধরের চেষ্টার অভিযোগ, মোবাইল ছিনতাইয়েরও চেষ্টা

রংপুর মহানগরীর খামার মোড় এলাকায় সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই দফায় হামলা, হেনস্তা ও মারধরের চেষ্টার শিকার হয়েছেন সাংবাদিকরা। এ সময় তাঁদের আটকে রেখে মব সৃষ্টির পাশাপাশি মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগও উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) ও রংপুর রিপোর্টার্স ক্লাব।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) খামার মোড় এলাকায় উচ্ছেদ অভিযানের তথ্য, ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহের সময় এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকদের মধ্যে রয়েছেন ঢাকা পোস্টের ফরহাদুজ্জামান ফারুক, খবরের কাগজের সেলিম সরকার, আমাদের প্রতিদিনের শরিফুল ইসলাম সুমন, সময় টেলিভিশনের রেদওয়ান হিমেল এবং আজকের পত্রিকার নূর মোহাম্মদসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী।

অভিযোগ অনুযায়ী, উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহের সময় কিছু চিহ্নিত দখলদার সাংবাদিকদের ওপর চড়াও হয়। একপর্যায়ে তাঁদের আটকে রেখে হেনস্তা ও মারধরের চেষ্টা করা হয়। পাশাপাশি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। এ সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের একাংশকে সাংবাদিকদের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগও উঠেছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) ও রংপুর রিপোর্টার্স ক্লাব। রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাদেকুজ্জামান সালেক এবং সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ বিষয়ে ভিডিও ক্লিপসহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলা, হেনস্তা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও বাধা সৃষ্টি স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রতিবাদী বিবৃতিতে আরও বলা হয়, খামার মোড় এলাকার ফুটপাত দখল করে কারা মোটা অঙ্কের জামানত নিয়ে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছেন, সে বিষয়ে তাঁদের কাছে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ রয়েছে বলে সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের ওপর চড়াও না হয়ে ফুটপাত দখল করে ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া জামানতের টাকা ফেরত দেওয়া উচিত। ক্ষুদ্র ব্যবসায়ীদের সাংবাদিকদের বিরুদ্ধে উসকে দেওয়া কিংবা তাঁদের ঢাল হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা রংপুর সিটি করপোরেশনের দায়িত্ব।

রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) ও রংপুর রিপোর্টার্স ক্লাব এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও রংপুর সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com