1. dailychatoniaymuktijuddha@gmail.com : admin :
November 6, 2026, 3:10 am

হাওরাঞ্চলের উন্নয়নে বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের

এম এইচ আর হাবিব ভান্ডারী
  • Update Time : Wednesday, November 4, 2026
  • 21 Time View

নিজস্ব প্রতিবেদক এম এইচ আর হাবিব ভান্ডারী

র‍্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত রুনা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, স্বাস্থ্যসেবা ও শিক্ষার উন্নয়নে ফ্রেন্ডশিপের সহযোগিতার আশ্বাস !

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন র‍্যামন ম্যাগসেসে পুরস্কার-২০২৬ প্রাপ্ত বিশিষ্ট সমাজকর্মী এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান।

বুধবার (৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদের ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে আন্তর্জাতিক পর্যায়ে সম্মানজনক স্বীকৃতি অর্জনের জন্য রুনা খানকে অভিনন্দন জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একজন নাগরিকের এমন অর্জন সমগ্র জাতির জন্য গৌরব ও সম্মানের বিষয়।

বৈঠকে নেত্রকোনার বিস্তীর্ণ হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ডেপুটি স্পিকার বলেন, নেত্রকোনার হাওরাঞ্চলের মানুষ এখনো শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগসহ বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে এসব এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

হাওরাঞ্চলের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি স্যাটেলাইট হাসপাতাল স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার সুবিধার্থে নৌ-অ্যাম্বুলেন্স চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

হাওরাঞ্চলের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে কায়সার কামাল বলেন, একসময় খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এ অঞ্চলের অনেক মানুষ জীবিকার প্রয়োজনে নিজ এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে গিয়ে কর্মসংস্থানের সন্ধান করতে বাধ্য হচ্ছেন। পরিকল্পিত উন্নয়ন, সম্পদের যথাযথ ব্যবহার ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব।

জলমহাল ব্যবস্থাপনায় প্রকৃত জেলেদের অংশগ্রহণ ও ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন ডেপুটি স্পিকার। তিনি মনে করেন, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা, পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, হাওরাঞ্চলের অনেক শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাতায়াতের জন্য প্রতিদিন দুই থেকে তিন মাইল পথ পাড়ি দিতে হয়। এ সমস্যা নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের যাতায়াতব্যবস্থা সহজ করা জরুরি।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ, কৃষি, জীববৈচিত্র্য ও পর্যটনকে কেন্দ্র করে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হলে হাওরাঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকে রুনা খান হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ডেপুটি স্পিকারের উদ্যোগ ও পরিকল্পনার প্রশংসা করেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান এবং স্থানীয় জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় নেত্রকোনার হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে ফ্রেন্ডশিপের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রুনা খান। স্থানীয় জনগণের প্রয়োজন ও বাস্তবতাকে প্রাধান্য দিয়ে ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

সাক্ষাতে ফ্রেন্ডশিপ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকারি উদ্যোগের পাশাপাশি ফ্রেন্ডশিপের মতো উন্নয়ন সংস্থার সহযোগিতা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ঢাকা থেকে প্রকাশিত  বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা    

© All rights reserved © 2018 News Smart

Themes By ShimantoIT.com