রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
‘বৃক্ষরোপণ করি, পরিবেশের ভারসাম্য রক্ষা করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল বাহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমা খাতুন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশকে শীতল রাখে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
তিনি আরও বলেন, “শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, জ্যোৎস্না ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রতন কুমার সাহা রেন্টু, দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি উত্তম শর্মা ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
এ সময় বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ ও চারা বিতরণের এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply