
বিশেষ প্রতিনিধি মোঃ ফরহাদ ইসলাম জুয়েল
২২ দিনের সংরক্ষণ অভিযানে ৯ জেলায় নৌবাহিনীর জাহাজ-কন্টিনজেন্ট মোতায়েন, গভীর সমুদ্রে আকাশপথেও নজরদারি
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় দেশজুড়ে শুরু হয়েছে ২২ দিনের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’। ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় কঠোর নজরদারি ও টহল জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় অভিযান বাস্তবায়নে দেশের ৯টি জেলায় নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। সমুদ্র, উপকূলীয় এলাকা এবং দেশের অভ্যন্তরীণ নদ-নদীসহ ইলিশের প্রধান প্রজননক্ষেত্রে নৌবাহিনীর জাহাজ, ক্রাফট, বোট ও কন্টিনজেন্ট নিয়মিত টহল ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে।
বিশেষ করে গভীর সমুদ্রে দেশি-বিদেশি মৎস্যযানের অনুপ্রবেশ এবং অবৈধ মাছ শিকার ঠেকাতে নৌবাহিনীর জাহাজের পাশাপাশি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে আকাশপথেও সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। নিষেধাজ্ঞার সময়ে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ বন্ধ নিশ্চিত করতে সমুদ্রসীমায় বিশেষ নজর রাখা হয়েছে।
অভিযান বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে নৌবাহিনী। একই সঙ্গে বিদেশি মাছ ধরার ট্রলারের অনুপ্রবেশ এবং নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ আহরণে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান চলাকালে ইলিশ আহরণে নিয়োজিত অসাধু ব্যক্তি এবং অবৈধভাবে মাছ ধরায় ব্যবহৃত যান্ত্রিক মৎস্য নৌযানের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণাও চালানো হবে।
ইলিশের প্রজননক্ষেত্র সুরক্ষা ও নির্বিঘ্ন প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি করে মা ইলিশ সংরক্ষণ এ অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য। জাতীয় অর্থনৈতিক সম্পদ ইলিশ রক্ষা এবং মৎস্যসম্পদ সুরক্ষায় দেশের সমুদ্রসীমা ও অভ্যন্তরীণ নদ-নদীতে বাংলাদেশ নৌবাহিনীর টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply