
আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি:বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্যরা।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে ধুনট থানার অফিসার ইনচার্জের কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ওসি আতিকুল ইসলামের হাতে ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটির তালিকার একটি কপি তুলে দেন। পাশাপাশি ধুনট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।
সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিষয়ে আলোচনা হয়। এছাড়া মাদক, কিশোর অপরাধ, সামাজিক অপরাধ প্রতিরোধসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়।
এ সময় ওসি আতিকুল ইসলাম ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনসচেতনতা তৈরিতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়াও ধুনট থানাসহ উপজেলার বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে প্রেসক্লাবের কমিটির তালিকা প্রেরণ করা হয়।
সাক্ষাৎকালে ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক রুহুল আমিন কিবরিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক রবিউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুদ্দীন আল আজাদ, দপ্তর সম্পাদক সাংবাদিক এনামুল হক, প্রচার সম্পাদক মারুফ হাসান ইমরান ও কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply