
নিজস্ব প্রতিবেদক মিসেস চামেলী আক্তার প্রিয়া
মামলা, গ্রেপ্তার, কারাবরণ ও জামিনকে কেন্দ্র করে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর আবারও চাঁপাইনবাবগঞ্জে চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে মেসার্স মাসকুরা ট্রেডার্স। এতে স্বস্তি ফিরে এসেছে প্রতিষ্ঠানের আওতাভুক্ত প্রায় ১৭ হাজার সুবিধাভোগী পরিবারের মাঝে।
রবিবার (৫ জুলাই) সকালে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের জাবড়ী গ্রামে দিনব্যাপী ১ হাজার ৫৫০টি পরিবারের মধ্যে জনপ্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানটির ম্যানেজার কামরুল হাসান মিদুল জানান, গত দুই মাস যেসব পরিবার চাল পাননি, তাদের বকেয়া চাল পর্যায়ক্রমে বিতরণ করা হবে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা এবং স্বত্বাধিকারী ও ম্যানেজারের কারাবাসের কারণে চাল বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল। বর্তমানে তা পুনরায় চালু হয়েছে এবং এখন থেকে প্রতি মাসেই নিয়মিত চাল বিতরণ অব্যাহত থাকবে।
এর আগে, গত ২৩ জুন জামিনে কারামুক্ত হন মেসার্স মাসকুরা ট্রেডার্সের স্বত্বাধিকারী জেসমিন বেগম ও ম্যানেজার কামরুল হাসান মিদুল। কারামুক্ত হয়ে এলাকায় ফিরলে স্থানীয় নারী-পুরুষ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাদের বরণ করেন। এ সময় তারা পুনরায় ১৭ হাজার পরিবারের মধ্যে চাল বিতরণের ঘোষণা দিলে উপস্থিত সুবিধাভোগীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়ের করা একটি মামলার ভিত্তিতে জেসমিন বেগম ও তার সহযোগী কামরুল হাসান মিদুলকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রতিষ্ঠানটির দাবি, ২০২২ সাল থেকে ৪ হাজার ও ৫ হাজার টাকার বিনিময়ে সদস্য কার্ড প্রদান করে সমাজের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া ও দিনমজুর পরিবারের কাছে স্বল্পমূল্যে চাল বিক্রি করে আসছে মেসার্স মাসকুরা ট্রেডার্স।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply