
মো. আলী শেখ, স্টাফ রিপোর্টার
মাদারীপুরের শিবচর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাচি ও তার ৯ বছর বয়সী ভাতিজির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের ঝিনাইর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবচর উপজেলার মাদবরকান্দি এলাকার বাসিন্দা রিমি আক্তার এবং তার ভাতিজি আয়েশা (৯)। তারা পরিবারের সদস্যদের সঙ্গে পাশের কাদিরপুর গ্রামে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইজিবাইকে করে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, ঝিনাইর গেট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই রিমি আক্তার ও শিশু আয়েশার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহত চারজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা থেকে প্রকাশিত বহুল আলোচিত গনমাধ্যম জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
© All rights reserved © 2018 News Smart
Leave a Reply